ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বা পরিস্থিতি বদলে দেওয়া উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইরান-সংক্রান্ত নতুন চুক্তির প্রশংসা করে বলেন, এটি তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
কার্নি জানান, তিনি চুক্তির একটি নথি পর্যালোচনা করেছেন এবং এর বিষয়বস্তু দেখে সন্তুষ্ট হয়েছেন। তার ভাষায়, “চুক্তির একটি নথি আমি দেখেছি এবং এটি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।”
তিনি বলেন, চুক্তিটি নিয়ে কানাডা অত্যন্ত সন্তুষ্ট। এর মাধ্যমে এমন একটি ভিত্তি তৈরি হয়েছে, যা নিশ্চিত করবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
যদিও এখনো চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়ার পথ উন্মুক্ত হয়েছে।
কার্নি আরও জানান, সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বিদ্যমান অবরোধ প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তার মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার জন্য এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিশ্বের অর্থনীতিকে কোনো একক কৌশলগত রুটের ওপর নির্ভরশীল রাখা উচিত নয়। এ ক্ষেত্রে তেল, গ্যাস এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করতে কানাডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং দেশটির আটকে থাকা সম্পদ মুক্ত করার আর্থিক প্রক্রিয়ায়ও কানাডা সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তবে চুক্তিতে ইসরায়েল বা হিজবুল্লাহর অংশগ্রহণ না থাকা নিয়ে যে সমালোচনা উঠেছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: সিবিসি নিউজ







