স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১৭ জুন) স্পিকারের সংসদ কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেছেন।
এসময় স্পিকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির জন্য জাপানের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পিকার। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপানের অবস্থানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের সুদৃঢ় সম্পর্কের মূল ভিত্তি হলো দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিকতা ও সহানুভূতির বন্ধন।
তিনি আরও জানান, জাপান সরকার বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ বলে মূল্যায়ন করেছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পেয়েছে বলেও তিনি স্পিকারকে অবহিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত তাকে অভিনন্দন জানান।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।







