জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে জাদুঘরের ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্ব, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। দর্শনার্থীদের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসান হয়। সেই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠা করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।







